নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ মার্চ ২০২৬ :

অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার ? সম্ভবত, আজই পশ্চিমবঙ্গসহ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে খবর ।
কমিশন সূত্রে খবর, ২০২১ সালের মতো দীর্ঘ ৮ দফায় নয়, বরং এবার পশ্চিমবঙ্গে মাত্র ২ থেকে ৩ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হতে পারে। সবকিছু ঠিক থাকলে প্রথম দফার ভোট শুরু হতে পারে ১৫ এপ্রিলের পর। যেহেতু মে মাসের প্রথম সপ্তাহেই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তাই এপ্রিলের মধ্যেই ভোটপ্রক্রিয়া মিটিয়ে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। সেক্ষেত্রে মে মাসের শুরুতেই ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তবে এবারের নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ (Under Adjudication) ভোটারের ভাগ্য। SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নথি এখনও জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন। এর মধ্যে ১৫ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি হলেও বাকিদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যাঁদের নাম শেষ মুহূর্তে বাদ যাবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন।
রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কমিশন এবার নজিরবিহীন তৎপরতা দেখিয়েছে। নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং জেলাগুলোতে রুট মার্চ শুরু হয়েছে। ২০২১ সালে ১ হাজার ৭১ কোম্পানি বাহিনী ব্যবহার করা হলেও এবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কমিশন ঠিক কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আজ বিকেলের বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে গণতন্ত্রের এই উৎসবের পূর্ণাঙ্গ রূপরেখা।