উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস: ভিজবে কলকাতা সহ গোটা রাজ্য | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ মার্চ ২০২৬ :

ওয়েদার ডেস্ক : দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যজুড়ে আগামী কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায় ভাসতে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলা, অন্যদিকে দক্ষিণবঙ্গেও রয়েছে কালবৈশাখীর ভ্রুকুটি।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি কিছুটা দুর্বল হলেও তার সঙ্গে যুক্ত অক্ষরেখাটি এখনও সক্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর ফলেই তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।
উত্তরবঙ্গের পরিস্থিতি:
আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সাথে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে সাময়িকভাবে কমবে পারদ।
দক্ষিণবঙ্গ ও কলকাতার হালচাল:
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।
কলকাতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শুক্রবার ছিল মূলত শুষ্ক। তবে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ও সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে সাময়িকভাবে অস্বস্তি কমলেও, বৃষ্টির রেশ কাটলে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!