যুদ্ধ-বিঘ্নিত আকাশপথ: দীর্ঘ জটিলতা কাটিয়ে ভারত ছাড়লেন ক্যারিবিয়ান ও প্রোটিয়া ক্রিকেটাররা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মার্চ ২০২৬ :

কলকাতা: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে তৈরি হওয়া দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারত থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা দিলেন ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে কলকাতায় আটকে ছিলেন দুই দলের বাকি থাকা সদস্যরা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে এসেছিল দল দুটি। গত ১ মার্চ ইডেন গার্ডেন্সে সুপার এইটের ম্যাচে হেরে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৪ মার্চ সেমিফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় দক্ষিণ আফ্রিকার। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই দেশে ফেরার তোড়জোড় শুরু করেছিলেন ক্রিকেটাররা। চলতি সপ্তাহের শুরুতে ক্যারিবিয়ান দলের নয়জন সদস্য ফিরতে পারলেও, বাকি ১৬ জন সদস্য এবং দক্ষিণ আফ্রিকার ২৯ জন সদস্য আটকা পড়েছিলেন তিলোত্তমায়।
আইসিসি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টার মধ্যে দুই দলের সব সদস্যই বিমানে রওনা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “ভারতে বিশ্বকাপ খেলতে আসা আর কোনও ক্রিকেটার এখন আটকে নেই। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখা হয়েছিল।”
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল। দীর্ঘ এক সপ্তাহ কলকাতায় কাটানোর পর আইসিসি এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের যৌথ প্রচেষ্টায় বিকল্প পথে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়। ৮ মার্চ বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পর এই ক্রিকেটারদের আটকে থাকা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও, শেষ পর্যন্ত নিরাপদেই তাঁরা বাড়ির পথে রওনা দিয়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!