নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার, ২১ মার্চ’ ২০২৫:

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইন থেকে মঙ্গলবার ভোরে ৬২ বছর বয়সী সোমালি তিরকির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার ছেলে অমিত তিরকি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসিমারা ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে সোমালি তিরকির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়াও, তার মদ্যপানের নেশা ছিল। তবে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে।
সোমালি তিরকির দুই বিবাহিত মেয়ে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাতালি চা বাগান এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।