গুয়াহাটির কাছে কলকাতা–সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, চারজন যাত্রী সামান্য আহত |The 4th Column

নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১১ নভেম্বর ২০২৬ :-

অসমের গুয়াহাটির কাছে দিগারু স্টেশনে লাইনচ্যুত হল কলকাতা–সাইরাং এক্সপ্রেস। বুধবার, ১১ নভেম্বর সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, ১৩১২৫ নম্বর ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের সাইরাংয়ের দিকে যাচ্ছিল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর আগে রেলের প্রাথমিক বিবৃতিতে কোনও যাত্রী আহত হননি বলে জানানো হয়েছিল। পরবর্তী বিবৃতিতে আহতদের চিকিৎসার বিষয়টি স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার ও রেলপথ পুনরুদ্ধারের কাজ। পরিস্থিতি খতিয়ে দেখতে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জল দেওয়ার পাশাপাশি তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

এই দুর্ঘটনা সম্পর্কে রেলের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ দিতে দিগারু স্টেশনে ঢোকানোর সময় ট্রেনটির গতি নিয়ন্ত্রণ করা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের কথা জানিয়েছে রেল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!