নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১ নভেম্বর ২০২৬ :-

অনুমতির অপেক্ষায় ডোরাকাটা সুন্দরীর ঘরওয়াপসি, সোমবারের আশায় বনদপ্তর
বক্সার বাঘিনি বিটিআর টিএফ-১-কে ফেরানোর অভিযান রবিবারও শুরু করা গেল না। বনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ছুটির দিন হওয়ায় জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি মেলেনি। সোমবার অনুমতি পাওয়ার আশা করছেন তিনি।
বনদপ্তর জানিয়েছে, শনিবার অসমের রায়মোনার দক্ষিণ দিকের যে বনবস্তিতে বাঘিনির অবস্থান ছিল, রবিবারও সে সেখানেই রয়েছে। উপগ্রহ নিয়ন্ত্রিত রেডিও কলারের সংকেত যাচাই করে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে।
অসমের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল সোনালী ঘোষ জানিয়েছেন, দিনভর বাঘিনির উপর দুই রাজ্যের বনদপ্তরের যৌথ নজরদারি জারি ছিল। বনমন্ত্রীর আশা, অনুমতি মিললেই উদ্ধার অভিযান শুরু করে ডোরাকাটা সুন্দরীকে বক্সায় ফিরিয়ে আনা সম্ভব হবে। আপাতত নজরদারির মধ্যেই রয়েছে বাঘিনি।