নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ :

মদ খেয়ে চুরি করতে এসে সোফায় নাক ডেকে ঘুম! পুলিশের জালে ‘অঘোরে’ ঘুমানো চোর
নিজস্ব সংবাদদাতা: প্রবাদ আছে, ‘চোরের দশ দিন, গৃহস্থের এক দিন’। কিন্তু কর্ণাটকের গৌরীবিদানুর এলাকার এক চোরের ক্ষেত্রে দশা ফিরল এক রাতেই। দেদার মদ্যপান করে চুরি করতে ঢুকেছিলেন এক যুবক, কিন্তু চুরির পর পালানোর বদলে সোফায় বসে জিরোতে গিয়েই ঘটল বিপত্তি। মত্ত অবস্থায় সোফাতেই নাক ডেকে ঘুমিয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তে হলো ‘নিদ্রালু’ সেই চোরকে।
ঘটনার বিবরণ:
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ধীবারাজু (৪০)। তিনি বাড়ির মালিক প্রেমানাথের পূর্ব পরিচিত। পরিকল্পনামাফিক এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে প্রেমানাথের বাড়িতে চুরি করতে যান তিনি। পুলিশের নজর এড়াতে বাইকের নম্বর প্লেট কালো কাপড়ে ঢাকা ছিল। দু’জনে ছাদ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে আলমারি থেকে ৪৫ হাজার টাকা এবং সোনার গয়না হাতিয়ে নেন।
ঘুমের মাসুল:
চুরির পর ধীবারাজুর বন্ধু অধিকাংশ টাকা ও গয়না নিয়ে চম্পট দিলেও ধীবারাজু বাড়িতেই থেকে যান। অত্যধিক মদ্যপানের কারণে তিনি বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। ক্লান্ত হয়ে বসার ঘরে সোফায় বিশ্রাম নিতে গিয়েই অঘোরে ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে মাঝরাতে সন্দেহজনক আওয়াজ শুনে প্রতিবেশীরা সজাগ হয়ে যান। তাঁরা চুরির বিষয়টি বুঝতে পেরে কৌশলে ছাদের দরজা বাইরে থেকে আটকে দেন এবং সকালে পুলিশে খবর দেন।
সকালে পুলিশ এসে ঘুমন্ত ধীবারাজুকে পাকড়াও করে। তাঁর পকেট থেকে মাত্র ৫ হাজার টাকা উদ্ধার হলেও বাকি ৪০ হাজার টাকা ও গয়না নিয়ে তাঁর সঙ্গী পলাতক। পুলিশ অভিযুক্তের সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে। বাড়ির মালিক প্রেমানাথ এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।