বজ্রপাতে মৃত ব্যক্তিকে গোবরে রেখে ‘বাঁচিয়ে তোলার’ চেষ্টা, ঝাড়খণ্ডে চাঞ্চল্য | The 4th Column

বজ্রপাতে মৃত ব্যক্তিকে গোবরে রেখে ‘বাঁচিয়ে তোলার’ চেষ্টা, ঝাড়খণ্ডে চাঞ্চল্য
নিউজডেস্ক , দ্য ফোর্থ কলাম, ঝাড়খণ্ড, ৮সেপ্টেম্বর ২০২৫:

— প্রতীকী ছবি

বজ্রাঘাতে মৃত ব্যক্তিকে শেষকৃত্য না করে গোবরের স্তূপে ঢুকিয়ে রাখল তাঁর পরিবার। তাঁদের বিশ্বাস, এতে বজ্রপাতের প্রভাব কেটে যাবে এবং মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে উঠবেন। কুসংস্কারের এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার মহুয়াডন্ড ব্লকের রামপুর গ্রামে।
মৃত ব্যক্তির নাম রামনাথ যাদব (৪৫)। শনিবার সন্ধ্যায় তিনি তাঁর স্ত্রী শোভা দেবীর সঙ্গে গরু চরাচ্ছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে রামনাথ যাদব ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং শোভা দেবী আহত হন। দুজনকেই দ্রুত মহুয়াডন্ডের কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা রামনাথ যাদবকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শোভা দেবীর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
তবে চিকিৎসকদের ঘোষণার পরও রামনাথের পরিবার ও আত্মীয়স্বজনরা তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। কোনো ধরনের বৈজ্ঞানিক যুক্তি বা চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে তাঁরা রামনাথের দেহ গোবরের ঢিবির মধ্যে ঢুকিয়ে দেন, এই অন্ধ বিশ্বাসে যে তিনি আবার বেঁচে উঠবেন।
ঘটনাটি জানতে পেরে সিএইচসির চিকিৎসকরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে পরিবার বাধা দেয়। পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধস্তাধস্তিও হয়। অবশেষে, পুলিশের আশ্বাসে এবং ক্ষতিপূরণ পাওয়ার কথা জানার পর পরিবার রাজি হয়। এরপর পুলিশ রামনাথ যাদবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই ঘটনা আবারও প্রমাণ করে যে বিজ্ঞানের এত অগ্রগতির পরেও দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে কুসংস্কারের শিকড় কতটা গভীরে প্রোথিত। শিক্ষার অভাব এবং অন্ধ বিশ্বাস এখনও মানুষের মনে এমনভাবে জেঁকে বসে আছে যে তা জীবনের চেয়েও মূল্যবান হয়ে উঠেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!