মারণ ভাইরাসের থাবায় মৃত্যুমিছিল: থাইল্যান্ডের টাইগার কিংডমে প্রাণ হারালো ৭২টি রয়্যাল বেঙ্গল টাইগার | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ :

মারণ ভাইরাসের থাবায় মৃত্যুমিছিল: থাইল্যান্ডের টাইগার কিংডমে প্রাণ হারালো ৭২টি রয়্যাল বেঙ্গল টাইগার

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘টাইগার কিংডম’-এ নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। মারণ ভাইরাসের প্রকোপে গত দুই সপ্তাহের মধ্যে প্রাণ হারিয়েছে জলজ্যান্ত ৭২টি রয়্যাল বেঙ্গল টাইগার। উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই (Chiang Mai) শহরের এই কেন্দ্রটি বাঘের সাথে পর্যটকদের মেলামেশার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে।
মৃত্যুর কারণ ও ভাইরাসের হদিস:
পশু চিকিৎসকদের মতে, বাঘগুলোর শরীরে ‘ক্যানাইন ডিসটেম্পার’ (Canine Distemper) নামক এক প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত এই ভাইরাস কুকুর ও বিড়াল জাতীয় প্রাণীদের আক্রমণ করে থাকে। এর পাশাপাশি শ্বাসপ্রশ্বাসজনিত রোগের জন্য দায়ী শক্তিশালী ব্যাকটেরিয়াও বাঘগুলোর শরীরে বাসা বেঁধেছিল। এই রোগ সরাসরি প্রাণীদের শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়। প্রাথমিক পরীক্ষায় ‘ফিনাইল বার্ভ’ (Feline Parvovirus) ভাইরাসের উপস্থিতিও পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাদেশিক পশুসম্পদ বিভাগ।
উদ্বেগ ও সতর্কতা:
টাইগার কিংডমের অন্যতম আকর্ষণ ছিল পর্যটকদের বাঘের একদম কাছে যেতে দেওয়া, তাদের জড়িয়ে ধরে ছবি তোলা বা শিশু বাঘ কোলে নেওয়া। বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের ঘনিষ্ঠ মেলামেশা বাঘের শারীরিক ধকল বাড়িয়ে দিয়েছিল, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সংক্রমণ যাতে আর না ছড়ায়, তার জন্য মৃত বাঘগুলোকে আগুনে পুড়িয়ে সেই ছাই মাটিচাপা দেওয়া হয়েছে। বর্তমানে গোটা পর্যটন কেন্দ্র জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি প্রাণীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!