নাটাবাড়িতে বিজেপি নেতার বাড়ির উঠোনে তাজা বোমা উদ্ধার, তুফানগঞ্জে ছড়ালো ব্যাপক রাজনৈতিক উত্তেজনা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ এপ্রিল ২০২৬ :

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিধানসভা নির্বাচনের আবহে ফের উত্তপ্ত কোচবিহার। এবার সাতসকালে বিজেপি নেতার বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাড়ালজানি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বিজেপি নেতা তথা শক্তি প্রমুখ কৌশিক দাসের বাড়ির উঠোনে সোমবার সকালে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। কৌশিকবাবুর মা প্রতিদিনের মতো এদিন সকালেও ঘরকন্ঠার কাজ করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তখনই তিনি উঠোনের মাঝখানে সন্দেহজনক ওই বস্তুটি লক্ষ্য করেন। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বোমা পড়ে থাকার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়।
বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এবং বিজেপি কর্মীদের মনোবল ভাঙতেই রাতের অন্ধকারে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা রেখে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এটি বিজেপির একটি সাজানো নাটক। জনগণের সহানুভূতি পেতেই তারা নিজেদের নেতার বাড়িতে বোমা রেখে এখন তৃণমূলের বদনাম করছে। এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণের মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!