নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ :

অসুস্থ স্ত্রীকে কোলে তুলে ৩৫ বছরের লড়াই; ভালোবাসার এক অনন্য উপাখ্যান কেরলের প্রেসীদ্ধরন-বিন্দু দম্পতি
কেরল: বর্তমানের ঠুনকো সম্পর্কের ভিড়ে নিঃস্বার্থ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন কেরলের মেপাইল গ্রামের চেতিল প্রেসীদ্ধরন ও তাঁর স্ত্রী বিন্দু। ১৯৯০ সাল থেকে মেরুদণ্ডের টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী বিন্দু। কিন্তু স্ত্রীর এই অসুস্থতা দমাতে পারেনি প্রেসীদ্ধরনের প্রেমকে। ১৯৯৩ সালে বিন্দুর শারীরিক প্রতিকূলতা জেনেও তাঁকে বিয়ে করেন তিনি।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিন্দুর সমস্ত দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন প্রেসীদ্ধরন। ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে উঠে রান্না করা থেকে শুরু করে, স্ত্রীকে কোলে তুলে স্নান করানো কিংবা নিজের হাতে খাইয়ে দেওয়া— সবকিছুই তিনি করেন হাসি মুখে। শত অভাব আর শারীরিক কষ্টের মাঝেও স্ত্রীর প্রতি তাঁর এই পরম মমতা আজ সমাজের কাছে এক অনুপ্রেরণা। বর্তমানে প্রেসীদ্ধরন নিজেও অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন, তবে বন্ধুদের সহযোগিতায় কোনোক্রমে টিকে রয়েছে এই ভালোবাসার সংসার। তাঁদের এই গল্প প্রমাণ করে দেয়, সত্যিকারের ভালোবাসা কোনো সীমানা বা বাধা মানে না।