রাজ্যে ২৯টি মহিলা থানার বিজ্ঞপ্তি, তালিকায় ধূপগুড়ি থেকে মাথাভাঙা।
নিউজ ডেস্ক , দ্যা ফোর্থ কলাম, ৩১ অক্টোবর ২০২৬ :

মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ নথিভুক্ত করা ও তদন্তের জন্য রাজ্যে ২৯টি মহিলা থানার বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। ৩০ অক্টোবরের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট থানাগুলির এলাকা ও এখতিয়ার নির্দিষ্ট করা হয়েছে।
উত্তরবঙ্গের তালিকায় রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ, তুফানগঞ্জ ও মাথাভাঙা; জলপাইগুড়ির মালবাজার ও ধূপগুড়ি; দার্জিলিংয়ের কার্শিয়াং ও মিরিক। এছাড়াও রয়েছে গঙ্গারামপুর, চাঁচল ও ইসলামপুর মহিলা থানা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী নির্যাতন, পণসংক্রান্ত অপরাধ এবং নারী ও শিশুদের যৌন নির্যাতনসহ সংশ্লিষ্ট আইনের আওতায় অভিযোগ নথিভুক্ত ও তদন্ত করবে এই থানাগুলি। দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর, রামপুরহাট, কল্যাণী, তেহট্ট, ঘাটাল, কালনা, কাটোয়াসহ একাধিক এলাকাও তালিকাভুক্ত। তবে থানাগুলির কাজ শুরুর নির্দিষ্ট দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
ব্যুরো রিপোর্ট –দ্যা ফোর্থ কলাম