নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ মার্চ ২০২৬ :

গুয়াহাটি, ১৫ মার্চ ২০২৬: আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল কংগ্রেস। শনিবার (১৪ মার্চ) এআইসিসি-র পক্ষ থেকে রাজ্যের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। এর আগে গত ৩ মার্চ ৪২ জনের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছিল। সব মিলিয়ে ১২৬ আসনের বিধানসভায় এখনও পর্যন্ত ৬৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল হাত শিবির।
দলের সাধারণ সম্পাদক (সাংগঠনিক) কে.সি. বেণুগোপাল স্বাক্ষরিত এই তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে সৃজংগ্রাম আসন থেকে লড়াই করবেন নুরুল ইসলাম, মান্দিয়া থেকে আব্দুল খালেক এবং চামারিয়া থেকে রাকিবুদ্দিন আহমেদ। এছাড়াও তিনসুকিয়া থেকে ডেভিড ফুকন এবং টিংখং থেকে বিপুল গগৈকে প্রার্থী করা হয়েছে।
বিজেপি-কে রুখতে এবার জোট রাজনীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। সেই লক্ষ্যেই দ্বিতীয় তালিকায় ১৫টি আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাজালি, পলাশবাড়ি, গুয়াহাটি সেন্ট্রাল, গোরেশ্বর, মরিগাঁও এবং বরহমপুরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলি।
কংগ্রেসের প্রথম তালিকায় ইতিমধ্যেই রাজ্য সভাপতি গৌরব গগৈকে যোরহাট থেকে এবং বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়াকে নাজিরা থেকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা লড়াই করছেন বরচলা আসন থেকে। ২০১৬ সাল থেকে ক্ষমতায় নেই কংগ্রেস। ফলে ১০ বছর পর ক্ষমতা পুনর্দখল করতে এপ্রিলের এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তারা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করে আদতে শাসক শিবিরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার কৌশল নিল কংগ্রেস।