নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ মার্চ ২০২৬ :

২০২৭ সালের বহুল প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। কিন্তু সেই তালিকায় ব্রাত্যই রয়ে গেল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদ—এই পাঁচটি ভেন্যুকে টেস্ট সিরিজের জন্য বেছে নেওয়া হলেও বাদ পড়েছে কলকাতা ও মুম্বইয়ের মতো ঐতিহ্যবাহী মাঠ। এই সিদ্ধান্ত ঘিরেই বর্তমানে ক্রিকেট মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ জানুয়ারি নাগপুরে। দ্বিতীয় টেস্ট চেন্নাইয়ে (২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি), তৃতীয় টেস্ট গুয়াহাটিতে (১১-১৫ ফেব্রুয়ারি), চতুর্থ টেস্ট রাঁচিতে (১৯-২৩ ফেব্রুয়ারি) এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে (২৭ ফেব্রুয়ারি থেকে)। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামকে টেস্টের দায়িত্ব দেওয়া হলেও ইডেন ব্রাত্য থাকায় সরব হয়েছেন অনেক ক্রিকেট অনুরাগী।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় দলের সফলতম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ইডেন গার্ডেন্সে বড় টেস্ট ম্যাচ হওয়া সব সময় দারুণ ব্যাপার। সিএবি প্রেসিডেন্ট এবং প্রাক্তন ক্রিকেটার হিসেবে আমি এখানে টেস্ট ম্যাচ আয়োজন করতে চাই। তবে ভারতের অন্য স্টেডিয়ামগুলোর মানও এখন খুব ভালো। গুয়াহাটি ও রাঁচির মতো ভেন্যুতে চমৎকার সুযোগ-সুবিধা রয়েছে। ইডেনে ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও দেশের অন্য ভেন্যুগুলোকেও সুযোগ দিতে হবে।”
অন্যদিকে, প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজু এই সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের পুরোনো ঐতিহ্যে ফিরে যাওয়া উচিত যেখানে কলকাতা, কানপুর, চেন্নাই, দিল্লি ও মুম্বই—এই পাঁচটি নির্দিষ্ট কেন্দ্রেই টেস্ট আয়োজন করা হতো। তাঁর কথায়, “টি-টোয়েন্টি ও ওয়ানডে ছোট শহরগুলোতে হওয়া ঠিক আছে, কিন্তু ইডেনের মতো মাঠে খেলার অভিজ্ঞতা এবং দর্শক সমর্থন সম্পূর্ণ আলাদা।”
উল্লেখ্য, এই ইডেনেই সৌরভের নেতৃত্বে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছিল ভারত। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের সেই রূপকথা আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। সেই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট না থাকা অনেককেই হতাশ করেছে।