নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ মার্চ ২০২৬ :

বেঙ্গালুরু: প্রতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হয় এক বর্ণাঢ্য উৎসবের মেজাজে। বলিউড তারকাদের নাচ-গান, আলোর ঝলকানি আর আতশবাজির রোশনাই—এটাই ছিল আইপিএল-এর পরিচিত দস্তুর। কিন্তু আগামী পরশু, ২৮ মার্চ, চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন আইপিএল ২০২৬-এর ঢাকে কাঠি পড়বে, তখন সেই পরিচিত উন্মাদনা দেখা যাবে না। সশ্রদ্ধ নীরবতায় শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের এই বর্ণময় কার্নিভাল। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, গত বছর বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অনুরাগী এবং ক্রিকেটপ্রেমীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না।
২০২৫ সালের ৪ জুন। আইপিএল-এর ইতিহাসে এক কালো দিন। সেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর শিরোপাজয়ের উৎসবে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থক প্রাণ হারান। সেই শোক এখনও ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে রেখেছে। সেই স্মৃতি উস্কে দিয়েই এবার আইপিএল-এর শুরুটা শোকের আবহে হবে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তটি নিশ্চিত করে বলেন, ‘গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে এবার আইপিএল-এর প্রথম দিনে কোনও আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ।’
তবে মরসুমের শুরুতে শোকের ছায়া থাকলেও, বিসিসিআই সূত্রে খবর, মরসুমের শেষে ৩১ মে ফাইনালের দিন একটি বড়সড় সমাপ্তি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তটি আইপিএল-এর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কারণ এর আগে কখনও এমন উৎসবহীনভাবে টুর্নামেন্ট শুরু হয়নি।
অন্যদিকে, এই মরসুমে আরসিবি-র মালিকানাতেও বড়সড় বদল এসেছে। আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১৬,৬৬০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে। এই কনসোর্টিয়ামে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের বোল্ট ভেঞ্চার্স এবং ব্ল্যাকস্টোন। নতুন এই কাঠামোয় চেয়ারম্যান হয়েছেন আর্যমান বিক্রম বিড়লা এবং ভাইস চেয়ারম্যান সত্যন গজওয়ানি। এই বিশাল বিক্রয়মূল্যের কারণে আরসিবি এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। আগের মালিক ইউনাইটেড স্পিরিটস গত নভেম্বরেই দল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল।
২৮ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। মাঠে দর্শক থাকবে, খেলা হবে, কিন্তু তার আগে কোনও উৎসব থাকবে না। চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১ জন প্রয়াত সমর্থকের স্মরণে ১১টি আসন ফাঁকা রাখা হবে এবং সেখানে তাঁদের স্মৃতিফলক থাকবে। এমনকি, আরসিবি-র খেলোয়াড়রাও অনুশীলনে ১১ নম্বর জার্সি পরবেন। সব মিলিয়ে, আইপিএল ২০২৬-এর সূচনা উৎসবের নয়, হবে স্মরণের।