পুরুষ ও মহিলা উভয় দলেই ভারতসেরা : ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মে ২০২৬ :

কলকাতা: ভারতীয় ফুটবল ইতিহাসে এক সোনালি অধ্যায় রচনা করল ইস্টবেঙ্গল ক্লাব। দেশের এক নম্বর লিগে একই মরশুমে একই ক্লাবের পুরুষ ও মহিলা দল একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার নজির ভারতীয় ফুটবলে আগে কখনও ঘটেনি। মাত্র ১০ দিনের ব্যবধানে দু’বার ভারতসেরার শিরোপা ঘরে তুলে লাল-হলুদ ব্রিগেড প্রমাণ করল, দেশের ফুটবলে মশাল বাহিনীর দাপট কতটা অনবদ্য। এই অনন্য কৃতিত্বের পর এবার এশীয় পর্যায়ে ভারতের তেরঙ্গা ওড়াতে যৌথভাবে মাঠে নামছে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দুই দলই।
ইস্টবেঙ্গলের মহিলা দল অর্থাৎ ‘মশাল গার্লস’ সর্বভারতীয় ফুটবলে তাদের লাগাতার আধিপত্য বজায় রেখেছে। গতবারের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ইন্ডিয়ান ওমেন্স লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়েছে সুলাঞ্জনা রাউল, সঙ্গীতা বাসফোররা। গত মরশুমে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জাগিয়েছিল। এবারও এশিয়ার মঞ্চে দেশের গৌরব বাড়াতে প্রস্তুত ফাজিলারা।
অন্য দিকে, দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে দেশের এক নম্বর লিগ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গলের পুরুষ দল। গত বছর সুপার কাপ জিতে এশীয় স্তরের এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। এবার আইএসএল চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (ACL 2)-এর কোয়ালিফায়ার রাউন্ডে খেলবে লাল-হলুদ ব্রিগেড। বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশ জয় করে ভারতীয় ক্লাবের জয়ধ্বনি জোরালো করাই এখন রশিদদের প্রধান লক্ষ্য।
একই ক্লাবের দুটি দলের এই যুগপৎ ভারতজয় দেশের ফুটবল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ২২ বছরের অপেক্ষা শেষে এই দ্বৈত মুকুট লাল-হলুদ সমর্থকদের আবেগকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। দেশের মাটিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের পর, এবার কাঁধে কাঁধ মিলিয়ে এশিয়ার ময়দানে ভারতের প্রতিনিধিত্ব করতে নামছে ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা দল।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!