নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ মার্চ ২০২৬ :

মিলান: ফুটবল ইতিহাসে কত কিংবদন্তি এসেছেন, কিন্তু লুকা মদরিচ যা করলেন তা বিরল। ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার নিজের সেই শ্রেষ্ঠত্বের স্মারকটি ‘দান’ করে দিলেন তাঁর বর্তমান ক্লাব এসি মিলানকে। ৪০ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়ানো এই ফুটবলার ক্লাবের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতেই এমন আবেগঘন সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৫ সালে রিয়াল মাদ্রিদের দীর্ঘ ও সফল অধ্যায় শেষ করে ইটালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানে যোগ দেন মদরিচ। সেখানে গিয়েই তিনি মোহিত হন ক্লাবের সংস্কৃতি এবং সমর্থকদের উন্মাদনায়। ৭ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ক্লাবের জার্সি গায়ে জড়ানোকে নিজের ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। মদরিচ জানিয়েছেন, গত কয়েক মাসে মিলান সমর্থকরা তাঁকে যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতিদান হিসেবেই তিনি নিজের কেরিয়ারের শ্রেষ্ঠ অর্জনটি তাঁদের উৎসর্গ করতে চান।
আপাতত এই ব্যালন ডি’অরটি মিলানের বিখ্যাত মিউজিয়াম ‘কাসা মিলান’-এ রাখা থাকবে, যাতে সমর্থকরা খুব কাছ থেকে এটি দেখার সুযোগ পান। প্রসঙ্গত, এসি মিলানের ইতিহাস ব্যালন ডি’অর জয়ীদের হাত ধরেই সমৃদ্ধ হয়েছে। জিয়ান্নি রিভেরা থেকে শুরু করে মার্কো ভ্যান বাস্তেন, রুদ গুলিট, জর্জ উইয়াহ, আন্দ্রে শেভচেঙ্কো এবং কাকা—সবাই এই ক্লাবে থাকাকালীনই ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ২০১৮ সালের গোল্ডেন বল জয়ী মদরিচের নামও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং ক্রোয়েশিয়াকে একক দক্ষতায় বিশ্বকাপ ফাইনালে তোলার স্বীকৃতি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্রিজমানকে হারিয়ে এই পুরস্কার জিতেছিলেন মদরিচ। ফুটবলাররা সাধারণত ব্যক্তিগত ট্রফি নিজের শো-কেসেই রাখতে পছন্দ করেন, কিন্তু মদরিচ প্রমাণ করলেন—ফুটবল কেবল ট্রফি জেতার নয়, ভালোবাসা বিলিয়ে দেওয়ারও খেলা।