নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ এপ্রিল ২০২৬ :
রাহুল-ঝড়ে চূর্ণ পাঞ্জাব! অরুণ জেটলি স্টেডিয়ামে রেকর্ডের বন্যা, দিল্লির পাহাড়প্রমাণ রান
নয়াদিল্লি: টি-২০ ক্রিকেটে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁদের সপাটে জবাব দিলেন কে এল রাহুল। সমালোচনার কর্কশ শব্দগুলোকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে মাত্র ৪৭ বলে আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি হাঁকালেন তিনি। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের অভিযোগে দিল্লির ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাওয়ের পরোক্ষ তোপের মুখে পড়া রাহুল, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরা দিলেন সম্পূর্ণ বিধ্বংসী মেজাজে। প্রায় ২২৬ স্ট্রাইক রেটে ব্যাট করে প্রমাণ করলেন, সঠিক দিনে তিনিও টি-২০-র ‘আদর্শ’ ব্যাটার।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন এই কর্নাটকি ব্যাটার। দেড়শোর বেশি স্ট্রাইক রেটে শুরু করে সময় যত গড়িয়েছে, তাঁর ব্যাটের ধার তত বেড়েছে। শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। এই ইনিংসের সৌজন্যে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লেন রাহুল। একই সাথে ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ এবং পিছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার মতো কিংবদন্তিদের। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন পঞ্চম স্থানে কে এল রাহুল।
রাহুলের এই ঐতিহাসিক ইনিংসের পাশাপাশি জ্বলে উঠলেন নীতীশ রানাও। মাত্র ৪৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। দ্বিতীয় উইকেটে রাহুল ও রানার ২২০ রানের পার্টনারশিপ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই দুই ব্যাটারের দাপটে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে তোলে ২৬৪ রান, যা চলতি আইপিএলে সর্বোচ্চ দলগত রান এবং দিল্লি ক্যাপিটালসের ইতিহাসেরও সর্বোচ্চ স্কোর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে আর কোনও দল এত রান করতে পারেনি। রাহুলের রানের পাহাড় আর দিল্লির রেকর্ড স্কোর, শনিবারের দুপুরের এই জোড়া ফলায় পাঞ্জাব কিংসের সামনে এখন এভারেস্ট জয়ের সমান চ্যালেঞ্জ। সমালোচকদের জবাব দেওয়ার পাশাপাশি দিল্লিকে বড় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন রাহুল।