১৮ হাজার কোটিতে বিক্রি হচ্ছে আরসিবি! চিন্নাস্বামীতে খেলা নিয়ে কাটেনি জটিলতা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ মার্চ ২০২৬ :

স্পোর্টস ডেস্ক : ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গতবার আইপিএল ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড়সড় পরিবর্তনের মুখে বিরাট কোহলির দল। একদিকে যেমন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের গুঞ্জন তুঙ্গে, অন্যদিকে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হওয়া নিয়েও ঝুলে রয়েছে অনিশ্চয়তার তলোয়ার।
সূত্র মারফত জানা গিয়েছে, আরসিবি কেনার দৌড়ে নাম লিখিয়েছে সুইডেনের নামী প্রাইভেট ইকুইটি ফার্ম ‘ইকিউটি গ্রুপ’। এই চুক্তির অঙ্ক আকাশছোঁয়া—প্রায় ১৮ হাজার কোটি টাকা! বিরাটের দলকে নিজেদের অধীনে নিতে কোমর বেঁধে নেমেছে তারা। তবে এই দৌড়ে সুইডিশ সংস্থা একা নয়; শোনা যাচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার ভাইরাও আরসিবি কেনার লড়াইয়ে রয়েছেন। সব ঠিক থাকলে প্রায় ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে গতবারের চ্যাম্পিয়নরা।
মাঠের বাইরের এই মালিকানা যুদ্ধের মাঝেই চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে। আগামী ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম আসর শুরু করার কথা আরসিবির। কিন্তু ভেন্যু হিসেবে চিন্নাস্বামী স্টেডিয়াম এখনও সবুজ সংকেত পায়নি। গত বছর শিরোপা জয়ের পর উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে কর্ণাটক সরকার। নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখতে গঠিত বিশেষজ্ঞ কমিটি আগামী ১৬ মার্চ তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে।
কেএসসিএ (KSCA) পরিকাঠামো উন্নয়নের দাবি করলেও, সরকার অনুমতি না দিলে ঘরের মাঠে খেলা হবে না কোহলিদের। সোমবারের রিপোর্টের ওপরই নির্ভর করছে আরসিবি তাদের পয়া চিন্নাস্বামীতে উদ্বোধনী ম্যাচ খেলতে পারবে কি না। সব মিলিয়ে মাঠ এবং মাঠের বাইরে এক উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!