নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মার্চ ২০২৬ :

বিশ্বকাপের লক্ষ্য: ওয়ানডে ফরম্যাটে ফিরছে টিম ইন্ডিয়ার একচ্ছত্র ফোকাস
স্পোর্টস ডেস্ক: ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জয় এখন অতীত। ভারতীয় ক্রিকেটের বর্তমান লক্ষ্য এখন ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপ। আর সেই লক্ষ্য পূরণেই আইপিএলের পর আমূল বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রস্তুতির ধরন ও আন্তর্জাতিক সূচি। ক্ষুদ্রতম সংস্করণ থেকে ফোকাস সরিয়ে বোর্ড এখন জোর দিচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে।
বিসিসিআই সূত্রের খবর, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলের দুই প্রধান স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরেই পরিকল্পনা সাজানো হচ্ছে। যেহেতু এই দুই মহাতারকা বর্তমানে ওয়ানডে ছাড়া অন্য ফরম্যাটে নিয়মিত নন এবং ঘরোয়া ক্রিকেটেও তাঁদের উপস্থিতি সীমিত, তাই তাঁদের পর্যাপ্ত ‘গেম টাইম’ বা ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতেই এই সূচি বদল। প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজেই এখন অতিরিক্ত ওয়ানডে ম্যাচ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
আইপিএলের পর জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই নতুন যাত্রা। এরপর ইংল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলার বিষয়েও সবুজ সংকেত দিয়েছে বোর্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে ভারতের। অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টির বদলে ম্যাচের সংখ্যা কমিয়ে ওয়ানডে বাড়ানোর প্রস্তাব দিয়েছে কিউই বোর্ড, যাতে ভারত সম্মতি জানাতে পারে।
এই সূচি পরিবর্তনের ফলে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে বিরাট কোহলির দিকেও। ওয়ানডে ম্যাচের সংখ্যা বাড়ায় বিরাটের কাঙ্ক্ষিত ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। মূলত কোহলি ও রোহিতের ফিটনেস এবং ছন্দ ধরে রাখতেই আগামী এক বছর ওয়ানডে ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিসিসিআই। সাতাশের বিশ্বকাপকে পাখির চোখ করে ভারতীয় দলের এই ‘ব্লু-প্রিন্ট’ কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার।