২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের ব্লুপ্রিন্ট তৈরি: বিসিসিআইয়ের নজরে ২০ জন, ব্রাত্য মহম্মদ শামি? | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ মার্চ ২০২৬ :

মুম্বই: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ২০২৩ সালের ঘরের মাঠে তীরে এসে তরী ডুবলেও, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে আয়োজিত হতে চলা আগামী বিশ্বকাপে কোনো খামতি রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে এক শক্তিশালী কোর টিম গড়তে ইতিমধ্যেই ২০ জন ক্রিকেটারের একটি বিশেষ তালিকা তৈরি করেছেন নির্বাচকরা।
নির্বাচক মণ্ডলীর সদস্য শিবসুন্দর দাস, আর পি সিং, অজয় রাত্রা এবং প্রজ্ঞান ওঝারা এই ২০ জন ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর কড়া নজর রাখছেন। বিসিসিআই সূত্রের খবর, আসন্ন আইপিএল এই খেলোয়াড়দের জন্য হবে অগ্নিপরীক্ষা। বোর্ড কর্তারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কেবল টিভিতে নয়, নির্বাচকদের মাঠে সশরীরে উপস্থিত থেকে অন্তত একটি করে ম্যাচ পর্যবেক্ষণ করতে হবে।
তবে এই সম্ভাব্য তালিকায় সবচেয়ে বড় চমক হলো অভিজ্ঞ পেসার মহম্মদ শামির অনুপস্থিতি। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে শুরুতে সুযোগ না পেলেও পরে বল হাতে আগুন ঝরিয়েছিলেন এই বাংলার পেসার। কিন্তু বর্তমানে বিসিসিআইয়ের ২০ জনের রাডারে তাঁর নাম না থাকায় প্রশ্ন উঠছে—তবে কি জাতীয় দলের দরজা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল শামির জন্য? পেস আক্রমণে বর্তমানে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংদের ওপরই বেশি আস্থা রাখছে বোর্ড।
২০০৩ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারত ফাইনালে উঠেছিল। ২০২৭ সালে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। এখন দেখার, আইপিএলের পারফরম্যান্স এই ২০ জনের তালিকায় কোনো রদবদল আনে কি না।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!