নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ মার্চ ২০২৬ :

কলকাতা: মাত্র আড়াই থেকে তিন মাসের একটি ক্রিকেট টুর্নামেন্ট, অথচ তার ব্র্যান্ড ভ্যালু এবং ফ্র্যাঞ্চাইজির দাম হাজার হাজার কোটি টাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আজ বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া লিগগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মালিকানা বদলের সাম্প্রতিক খবর সামনে আসতেই এই অভাবনীয় উত্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
পিটিআই-এর একটি ভিডিওতে সৌরভ আইপিএলের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘আইপিএলের এই উত্থান সত্যিই অসাধারণ। ২০০৭ সালে যখন এটি শুরু হয়েছিল, আমি নিজেই আরসিবি বনাম কেকেআর ম্যাচে লিগের প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে আজকের এই জায়গায় পৌঁছানো—সত্যিই অবিশ্বাস্য!’
প্রসঙ্গত, মার্কিন উদ্যোক্তা কাল সোমানির (Kal Somani) নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী দল রাজস্থান রয়্যালসের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনে নিয়েছে। এই চুক্তির আর্থিক পরিমাণ প্রায় ১৩,৬০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের কথা শুনে চমকে গিয়েছেন মহারাজ। তাঁর কথায়, ‘মাত্র আড়াই থেকে তিন মাসের একটা টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজির এই দাম—সংখ্যাটা মাথা ঘুরিয়ে দেয়!’
এই বিপুল পরিমাণ অর্থ কি আইপিএলকে বিশ্বমঞ্চে সেরা প্রমাণ করে? সৌরভের দাবি, আইপিএল এখন দুনিয়ার তাবড় লিগগুলোর সমকক্ষ। তুলনা টেনে তিনি বলেন, ‘আমি মনে করি এটা এনবিএর (NBA) সমতুল্য। সম্প্রচার স্বত্বের দিক থেকে ফুটবলের সঙ্গেও তুলনা চলে!’
সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি বনাম আর্সেনাল ম্যাচ দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে সৌরভ জোর গলায় জানান, আইপিএলের দর্শকসংখ্যা অনেক সময় ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ম্যাচকেও ছাপিয়ে যায়। রাজস্থান রয়্যালসের এই রেকর্ড ডিল নিঃসন্দেহে বিশ্ব ক্রীড়া বাজারে আইপিএলের আধিপত্য আরও মজবুত করল।