বিসিসিআই-এর নতুন সূচি প্রকাশ: জানুয়ারিতে ইডেনে কোহলি-রোহিতদের লড়াই, ফিরছে বর্ডার-গাওস্কর ট্রফি | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ মার্চ ২০২৬ :

মুম্বই: ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর নিয়ে এল বিসিসিআই। ২০২৬-২৭ মরসুমের জন্য ঘরের মাঠে ভারতীয় দলের ঠাসা সূচি প্রকাশ করল ক্রিকেট বোর্ড। এই মরসুমে দেশের মাটিতে মোট ৯টি এক দিনের ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি এবং ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ১৭টি ভিন্ন শহরে মোট ২২টি ম্যাচ আয়োজিত হবে। তিলোত্তমা কলকাতার ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে বাড়তি পাওনা; ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
নতুন মরসুমের ঢাকে কাঠি পড়বে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর থেকে। ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি এক দিনের এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ওয়ানডে ম্যাচগুলি হবে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে। এরপর লখনউ, রাঁচি, ইন্দৌর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ বিদায় নেওয়ার পর ডিসেম্বর মাসে ভারত সফরে আসবে শ্রীলঙ্কা। লঙ্কান বাহিনীর বিরুদ্ধে তিনটি ওয়ানডে (দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ) এবং তিনটি টি-টোয়েন্টি (রাজকোট, কটক, পুণে) খেলবে মেন ইন ব্লু।
২০২৭ সালের শুরুতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কলকাতা ছাড়াও হায়দরাবাদ ও মুম্বইয়ে এই সিরিজের ম্যাচগুলি হবে। তবে মরসুমের আসল আকর্ষণ শুরু হবে ২১ জানুয়ারি থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মর্যাদাপূর্ণ বর্ডার-গাওস্কর ট্রফির ৫টি টেস্ট ম্যাচের লড়াই শুরু হবে নাগপুরে। সিরিজের বাকি চারটি টেস্ট হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং অহমদাবাদে। ঘরের মাঠে দীর্ঘ এই মরসুমে মোট চারটি দেশের (ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও অস্ট্রেলিয়া) বিরুদ্ধে মাঠে নামবে ভারত, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!