ধোনি অন্তরালে যেতেই চেন্নাইয়ের ব্যর্থতার হ্যাটট্রিক, তবে কি শেষ সিএসকের সোনালি যুগ? The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ মে ২০২৬ :

ধোনি-পরবর্তী যুগে চেন্নাইয়ের ভরাডুবি: তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইয়েলো আর্মি
ক্রীড়া প্রতিবেদক: আইপিএলের ইতিহাসের সফলতম দল, পাঁচবারের ট্রফিজয়ী চেন্নাই সুপার কিংস আজ খাদের কিনারায়। যে দলকে ছাড়া একসময় আইপিএলের প্লে-অফ ভাবাই যেত না, সেই চেন্নাই আজ টানা তিন বছর শেষ চারে জায়গা পেতে ব্যর্থ। ২০২৫ সালের আইপিএলে তো টুর্নামেন্টের ‘লাস্ট বয়’ তকমা জুটেছে তাদের কপালে। সিএসকের এই নজিরবিহীন ভরাডুবির পর ক্রিকেটমহলে এখন একটাই প্রশ্ন—মহেন্দ্র সিং ধোনি অন্তরালে চলে যাওয়াতেই কি চেন্নাইয়ের এই শেষের শুরু?
পরিসংখ্যান বলছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিবার প্লে-অফে খেলেছে ধোনির চেন্নাই। ২০২০ সালে প্রথমবার ব্যর্থ হলেও পরের তিন বছরে দু’বার চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু ২০২৪ সাল থেকে শুরু হয় পতন। ২০২৩ সালে শেষবার ধোনির নেতৃত্বে ট্রফি জেতার পর অধিনায়কত্বের ব্যাটন যায় রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। আর তারপর থেকেই টানা তিন বছর পয়েন্ট টেবিলের প্রথম চার থেকে মুছে গেছে চেন্নাইয়ের নাম।
৪৪ বছর বয়সি এক ‘বুড়ো’ ক্রিকেটারের ওপর একটা দল কতটা নির্ভরশীল, তা সিএসকের বর্তমান হাল দেখলেই স্পষ্ট। বিরাট কোহলির মতো উত্তরসূরি তৈরি করা মাহি কি তবে চেন্নাইয়ের জন্য যোগ্য নেতা বেছে নিতে ভুল করলেন? চলতি মরশুমে ধোনি একটি ম্যাচও খেলেননি, এমনকি দলের শেষ ম্যাচের আগেই বাড়ি ফিরে গেছেন। আগামী মরশুমে তাঁর ফেরার সম্ভাবনাও প্রায় শূন্য। অধিনায়ক রুতুরাজ নিজেই স্বীকার করেছেন ধোনির অভাবের কথা। মাঠের ভেতর ধোনির উপস্থিতিই প্রতিপক্ষের ওপর যে চাপ তৈরি করত, তা থেকে বঞ্চিত চেন্নাই এখন খেই হারিয়ে ফেলেছে। ধোনিহীন চেন্নাই কি পারবে এই মরণকামড় কাটিয়ে আবার রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াতে, নাকি শুধুই এক সোনালি অতীত হয়ে রবে ইয়েলো আর্মি? উত্তর দেবে সময়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!