ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে অধিনায়কদের অসন্তোষ ক্যাপ্টেন্স মিটে, ২০২৭-এর আগে আলোচনা নয় জানাল বিসিসিআই | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ মার্চ ২০২৬ :

মুম্বই: আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল (IPL)। তার আগে মুম্বইয়ে আয়োজিত প্রথাগত ‘ক্যাপ্টেন্স মিট’-এ আলোচনার সিংহভাগ জুড়ে থাকল বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। সূত্রের খবর, লিগের দশটি ফ্র্যাঞ্চাইজির অধিকাংশ অধিনায়কই এই নিয়ম নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর কাছে সরাসরি নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও বিসিসিআই কর্তারা পালটা সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত এই নিয়মে কোনও বদল হবে না এবং পরবর্তী আলোচনা হবে শুধুমাত্র ২০২৭ আইপিএলের পরেই।
২০২৩ সালে আইপিএলে প্রথমবার এই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালু করা হয়। এরপর বোর্ড ঘোষণা করে যে, এই নিয়ম ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু শুরু থেকেই ক্রিকেটারদের একটি বড় অংশ এর বিরোধিতা করে আসছে। রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার মতো তারকা অলরাউন্ডাররা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই নিয়মের ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের ভূমিকা ক্রমশ কোণঠাসা হয়ে পড়বে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ও অলরাউন্ডার অক্ষর প্যাটেলও সম্প্রতি এই নিয়মটি পছন্দ নয় বলে প্রকাশ্যে জানিয়েছেন। ফলে মুম্বইয়ের এই ক্যাপ্টেন্স মিটে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়াটা ছিল প্রত্যাশিত।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিসিসিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ২০২৭ পর্যন্ত থাকবে। ক্যাপ্টেন্স মিটে অধিকাংশ অধিনায়কই এই নিয়ে নেতিবাচক মনোভাবের কথা গোপন করেননি। তাঁদের স্পষ্ট জানানো হয়েছে যে, অন্তত ২০২৭ সংস্করণ পর্যন্ত এই নিয়ম থাকছেই, তারপর এটি নিয়ে পর্যালোচনা করা হবে। অর্থাৎ, অধিনায়কদের আপত্তি সত্ত্বেও নিজেদের পরিকল্পনা বদল করতে নারাজ বিসিসিআই।
এবারের আইপিএল নিয়ে বোর্ড আরও কিছু নির্দেশিকা দিয়েছে। তার মধ্যে রয়েছে ম্যাচের দিন প্র্যাকটিসে নিষেধাজ্ঞা বা এক দল আগে অনুশীলন করে ফেললেও সেই উইকেটে অন্য দল প্র্যাকটিসের সুযোগ না পাওয়ার মতো বিষয়গুলি। অধিনায়কদের পক্ষ থেকে এই নিয়মাবলী আরও স্পষ্ট করার জন্য বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, শিশিরের সমস্যা এড়াতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের পর বল পরিবর্তনের সুযোগ রয়েছে। ক্যাপ্টেন্স মিটে এক অধিনায়ক প্রথম ইনিংসেও ১০ ওভারের পর বল পরিবর্তনের দাবি তোলেন, তবে তা নিয়ে বিশেষ আলোচনা হয়নি বলে খবর।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!