নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ মার্চ ২০২৬ :

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা দীর্ঘদিনের। ঝুলিতে রয়েছে একাধিক বিশ্বখেতাব। তবুও কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়ালে আজও রক্তে শিহরণ অনুভব করেন জশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে জশপ্রীত বুমরাহ সাফ জানিয়ে দিলেন, চাপের মুখে পিছু হঠার পাত্র তিনি নন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহ বলেন, “আমি পালিয়ে বাঁচার লোক নই। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। কঠিন কাজ দেখলে এগিয়ে আসতে ভালোবাসি।” গত ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বুমরাহর বোলিং স্পেলই ছিল ভারতের জয়ের মূল কারিগর। ব্যাটারদের স্বর্গরাজ্যেও ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি হন ‘ম্যাচের সেরা’।
নিজের জন্মভিটে গুজরাটের মাটিতে এই সাফল্য বুমরাহর কাছে এক আবেগঘন মুহূর্ত। আড়াই বছর আগে এই আহমেদাবাদেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত ছিল দগদগে। সেই আক্ষেপ মিটিয়ে বুমরাহ বলেন, “আমার ক্রিকেট কেরিয়ার শুরু গুজরাটে। এই মাঠেই বিশ্বজয় আর ফাইনালের সেরা হওয়া আমার কাছে এক আলাদা অনুভূতি। আড়াই বছর আগের সেই আক্ষেপ এবার ঘুচলো।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রাখার গুরুদায়িত্ব সফলভাবে পালনের পর এখন বুমরাহর পাখির চোখ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১১ সালের খরা কাটানোই এখন টিম ইন্ডিয়ার বড় চ্যালেঞ্জ। আর সেই অভিযানে ভারতের প্রধান ‘অস্ত্র’ যে জশপ্রীত বুমরাহ, তা তিনি আরও একবার প্রমাণ করলেন বিশ্বমঞ্চে।