স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু: বাংলায় আধার কার্ড ঐচ্ছিক | The 4th Column

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু: বাংলায় আধার কার্ড ঐচ্ছিক

নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ অক্টোবর ২০২৫ :

— প্রতীকী ছবি

স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া শুরু হয়েছে বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মঙ্গলবার, ২৮ অক্টোবর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতো এই ১২টি রাজ্যেও SIR-এর জন্য মোট ১১টি নথি গ্রাহ্য হবে, যার মধ্যে যেকোনো একটি দেখালেই হবে। এর সঙ্গে ঐচ্ছিকভাবে (অপশনাল) যুক্ত করা হয়েছে আধার কার্ড।
আধার কার্ড নিয়ে কমিশনের স্পষ্ট বার্তা
SIR প্রক্রিয়ায় আধার কার্ড যুক্ত হলেও, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে আধার কার্ডের ব্যবহার সম্পূর্ণ ঐচ্ছিক। তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন, “আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তবে আইডেন্টিটি প্রুফ হিসেবে SIR প্রক্রিয়ায় রাখা যেতে পারে।” অর্থাৎ, নাগরিকত্ব প্রমাণের জন্য আধার বাধ্যতামূলক নয়।
SIR-এর জন্য গ্রাহ্য ১১টি নথি
SIR প্রক্রিয়ায় যে-কোনো একটি নথি দেখালেই হবে। কমিশন নির্দেশিত ১১টি নথি হলো:
* ১. পরিচয়পত্র: রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র।
* ২. পুরোনো পরিচয়পত্র: ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে।
* ৩. জন্মের শংসাপত্র (Birth Certificate)।
* ৪. ভারতের পাসপোর্ট।
* ৫. শিক্ষা সংক্রান্ত শংসাপত্র: স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র (যেমন মাধ্যমিকের সার্টিফিকেট), যেখানে জন্মের সাল ও তারিখ উল্লেখ রয়েছে।
* ৬. রেসিডেন্স সার্টিফিকেট: রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট।
* ৭. বন অধিকার শংসাপত্র: বনাঞ্চলে বসবাসকারীদের জন্য।
* ৮. কাস্ট সার্টিফিকেট: ওবিসি/এসসি/এসটি বা অন্য কোনো কাস্টের ক্ষেত্রে।
* ৯. জাতীয় নাগরিকপঞ্জি (NRC): (যেখানে চালু হয়েছে)।
* ১০. ফ্যামিলি রেজিস্টার: রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি।
* ১১. জমির/বাড়ির নথি: সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি (যেমন দলিল, পরচা)।
কারা SIR প্রক্রিয়ায় নথি দেখানোর বাধ্যবাধকতা থেকে মুক্ত?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটি গুরুত্বপূর্ণ ছাড়ের বিষয়েও ঘোষণা করেছেন। কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের ক্ষেত্রে উপরোক্ত নথিগুলি দেখানোর প্রয়োজন হবে না।
* ২০০২ বা ২০০৩ সালের SIR-এর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে আলাদা করে কোনো নথি দেখাতে হবে না।
* এমনকি, ২০০২ বা ২০০৩ সালের তালিকায় যাঁদের বাবা-মায়ের নাম রয়েছে, তাঁদেরও অতিরিক্ত নথি দেখানোর প্রয়োজন নেই।
এই দুটি শ্রেণির মানুষ সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই SIR প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!