T4C 100 | খবর বিশদে
খড়িবাড়িতে চাষের জমিতে মৃত হাতি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৫ নভেম্বর ২০২৬ :-

শিলিগুড়ির খড়িবাড়ির চন্নাজোত এলাকায় চাষের জমি থেকে উদ্ধার হলো একটি হাতির দেহ। স্থানীয় সূত্রে খবর, রাতে খাবারের সন্ধানে হাতিটি ওই জমিতে ঢুকেছিল। সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সেটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সকালে হাতিটিকে পড়ে থাকতে দেখে বন দপ্তর ও খড়িবাড়ি থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন বনকর্মী ও পুলিশ।
জমিতে কীভাবে বিদ্যুতের তার এল, সংযোগটি বৈধ ছিল কি না এবং কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাতির মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে। এই ঘটনা ফের কৃষিজমিতে বিদ্যুৎ ব্যবহারের নিরাপত্তা ও বন্যপ্রাণী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।