নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ :

‘খামোশ’ সংলাপে লাগাম! নিজের ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর বাঁচাতে আদালতের দ্বারস্থ শত্রুঘ্ন সিনহা
নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার সেই কালজয়ী সংলাপ ‘খামোশ!’ আজও মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু এই জনপ্রিয়তাই এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিনা অনুমতিতে তাঁর ছবি, কণ্ঠস্বর, অঙ্গভঙ্গি এবং বিখ্যাত সংলাপগুলি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রবীণ এই অভিনেতা ও রাজনীতিবিদ।
মামলার প্রেক্ষাপট: শত্রুঘ্ন সিনহার হয়ে তাঁর ছেলে লভ সিনহা এই মামলাটি দায়ের করেছেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স সাইট এবং বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মে তাঁর ব্যক্তিত্বকে (Personality Rights) ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী মুনাফা লুটছে। এই মামলায় মেটা, এক্স (পুরানো টুইটার), গুগল-সহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা এবং ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রককেও পক্ষভুক্ত করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ: সোমবার বিচারপতি শর্মিলা দেশমুখের এজলাসে এই মামলার শুনানি হয়। শত্রুঘ্ন সিনহার দাবি, তাঁর ব্যক্তিত্ব বা কণ্ঠস্বর ব্যবহার করে যেন কেউ ব্যক্তিগত বা বাণিজ্যিক সুবিধা নিতে না পারে, তার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হোক। আদালত আপাতত ২৪ জন বিবাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদনের ওপর রায় স্থগিত রেখেছে।
তারকাদের অধিকার রক্ষা: উল্লেখ্য, ব্যক্তিগত পরিচিতি রক্ষার লড়াইয়ে শত্রুঘ্ন সিনহাই প্রথম নন। এর আগে অমিতাভ বচ্চন, অনিল কাপুর থেকে শুরু করে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের মতো তারকারাও নিজেদের ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন। ডিজিটাল যুগে তারকাদের নাম ও পরিচিতি ব্যবহার করে জালিয়াতি বা অপব্যবহার রুখতেই এই আইনি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।