মর্মান্তিক দুর্ঘটনা: এশিয়ান হাইওয়েতে লরির ধাক্কায় অবসরপ্রাপ্ত RPF আধিকারিকের মৃত্যু
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২০ সেপ্টেম্বর ২০১৫ :-
আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্ডা সেতুর দেড়শো মিটার আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত আরপিএফ (RPF) আধিকারিক। মৃত ব্যক্তির নাম প্রদীপ রঞ্জন ঘোষ (৬১)। ঘটনাটি ঘটেছে শনিবার (আজ) দুপুর আনুমানিক ২টো নাগাদ।
পুলিশ সূত্রে খবর, মৃত প্রদীপ রঞ্জন ঘোষ আলিপুরদুয়ার জংশনের কালীবাড়ি কলোনির বাসিন্দা ছিলেন। তিনি শনিবার মাদারিহাটের রাঙালিবাজনায় তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরের খাওয়াদাওয়া সেরে নিজের পুরনো কর্মস্থল বীরপাড়ার দলগাঁও স্টেশনে যাওয়ার জন্য তিনি মেয়ের স্কুটি নিয়ে বেরিয়েছিলেন।
এশিয়ান হাইওয়ে ধরে স্কুটিতে চেপে মাদারিহাটের দিক থেকে বীরপাড়ার দিকে যাওয়ার সময় গ্যারগেন্ডা সেতুর কাছে তাঁর স্কুটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া লরি। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ রঞ্জন ঘোষের।
দুর্ঘটনার পর পরই লরিটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এখনও পর্যন্ত ঘাতক লরিটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তারা লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছে।