ফের এশিয়ান হাইওয়ে : মাদারিহাটে দুর্ঘটনায় জখম ৬ অস্ট্রেলীয় পর্যটক, ভুটান যাত্রা পণ্ড | The 4th Column

ফের এশিয়ান হাইওয়ে : মাদারিহাটে দুর্ঘটনায় জখম ৬ অস্ট্রেলীয় পর্যটক, ভুটান যাত্রা পণ্ড

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৭ ডিসেম্বর ২০২৫ :

দার্জিলিং ভ্রমণ শেষে সড়কপথে ভুটানের উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ছ’জন অস্ট্রেলীয় পর্যটক। মাদারিহাট ব্লকের পূর্ব মাদারিহাটে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের একটি তীক্ষ্ণ বাঁকে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় ছ’জন বিদেশি পর্যটক এবং গাড়ির চালক গুরুতর জখম হন।

জখম পর্যটকরা হলেন— অ্যান্ড্রু বার্নস, জেনিফার সেভেলি, ক্যারোলিনা সিগ্রেভ, লুইস নেলসন, ক্যারি লেনসন ও সারলেট লেনসন। তাঁরা সকলেই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের বাসিন্দা। গাড়ির চালক পবন লেপচা এবং উল্টো দিক থেকে আসা বাইকচালক শ্যামসুন্দর লোহারও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টা নাগাদ উল্টো দিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে গাড়ির চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। ফলে গাড়িটি রাস্তার পাশে ছিটকে গিয়ে উল্টে যায়। তবে বাইকচালক শ্যামসুন্দর লোহার পাল্টা অভিযোগ করেছেন, পর্যটকদের গাড়ি সামনে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দেবকুমার মণ্ডল জানান, অ্যান্ড্রু বার্নসের ডান হাত ও মাথায় গুরুতর চোট এবং জেনিফার সেভেলির পাঁজর ও বুকে আঘাত লেগেছে। তাঁদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন।

জখম পর্যটক অ্যান্ড্রু বার্নস সংবাদমাধ্যমকে জানান, “গত ২ ডিসেম্বর আমরা অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছি। কলকাতা ও দার্জিলিং ঘোরার পর শনিবার ভুটান যাচ্ছিলাম। এভাবে দুর্ঘটনা হবে ভাবিনি। বাইক বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন।”

পর্যটকদের গাইড অ্যান্থনি লেপচা জানিয়েছেন, চালক ও জখম পর্যটকদের শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার খাণ্ডালবাহাল উমেশ গণপত বলেন, “বিদেশি পর্যটকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সার্বিক সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।”

দুর্ঘটনায় পর্যটকদের ভুটান ভ্রমণ অনিশ্চয়তার মুখে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!