বীরপাড়ায় সেতুর পিলারে ধাক্কা পিক আপ ভ্যানের:পুজোর মুখে পথ দুর্ঘটনায় আহত ২০ শ্রমিক, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২৪ সেপ্টেম্বর ২০২৫:
পুজোর ঠিক আগেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ২০ জন চা শ্রমিক। বুধবার সকালে আলিপুরদুয়ারের বীরপাড়া থানার অন্তর্গত লঙ্কাপাড়া থেকে একটি পিক-আপ ভ্যানে করে এই শ্রমিকরা সিংহানিয়া চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন।
সকালবেলা যখন তাঁরা বীরপাড়া-লঙ্কাপাড়া রাজ্য সড়কের তুলসীপাড়া সেতুর কাছে পৌঁছান, তখন চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পিক-আপ ভ্যানটি সজোরে সেতুর পিলারে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতায় শ্রমিকরা গাড়ি থেকে ছিটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে। সবাইকে দ্রুত বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ২০ জন শ্রমিকের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বাকি ১৭ জন শ্রমিক বর্তমানে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালেই চিকিৎসাধীন।
এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুজোর মুখে এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।