নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

চিকিৎসা বিজ্ঞানে মহাবিপ্লব: মৃত মানুষের হাড় প্রতিস্থাপিত হলো জীবিত যুবকের পায়ে, নজির আরজি করের
কলকাতা: অসাধ্য সাধন করলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা। দুর্ঘটনায় গুঁড়িয়ে যাওয়া হাড় পুনর্গঠনে এক মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করে নজির গড়লেন তাঁরা। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ‘অ্যালোগ্রাফ্ট রিকনস্ট্রাকশন’। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে এই ধরনের সফল অস্ত্রোপচার এই প্রথম।
উত্তর ২৪ পরগনার বিড়ার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডল ২০২৩ সালে এক ভয়াবহ লরি দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর উরুর নীচের হাড় সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছিল। দীর্ঘ দুই বছরে একাধিকবার অস্ত্রোপচার এবং প্লাস্টিক সার্জারি করা হলেও পা স্বাভাবিক করা সম্ভব হয়নি। শেষে গত ১৭ ফেব্রুয়ারি অর্থোপেডিক বিভাগের প্রধান সঞ্জয় কুমারের নেতৃত্বে চিকিৎসকেরা ‘অ্যালোগ্রাফ্ট’ পদ্ধতির সিদ্ধান্ত নেন। সরকারি সহায়তায় ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে মৃত ব্যক্তির হাড় রিজাউদ্দিনের পায়ে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এতে পা ছোট হয়ে যাওয়ার ঝুঁকি এড়ানো গেছে। বর্তমানে রোগী সুস্থ আছেন, তবে তাঁর শরীরের গ্রহণক্ষমতা এবং হাড় জোড়া লাগার প্রক্রিয়াটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।