শামুকতলায় বিশেষভাবে সক্ষম গৃহবধূকে শ্লীল/তাহা/নি ও ধ/র্ষণের চেষ্টা: পুলিশের জালে ১, ফেরার ২ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

শামুকতলায় বিশেষভাবে সক্ষম গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা: পুলিশের জালে ১, ফেরার ২
আলিপুরদুয়ার: রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিশেষভাবে সক্ষম এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের শামুকতলা থানার একটি গ্রামে। এই নক্কারজনক ঘটনায় পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।
ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ। নির্যাতিতার অভিযোগ, সেদিন সন্ধ্যায় মহল্লার একটি শুনশান রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তিন প্রতিবেশী ব্যক্তি তাঁর পথ আটকে অভব্য আচরণ শুরু করে। বাধা দিতে গেলে তাঁরা ওই গৃহবধূর শ্লীলতাহানি করে এবং তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। নির্যাতিতা গৃহবধূ সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্তরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। কিন্তু চম্পট দেওয়ার আগে ওই গৃহবধূর সঙ্গে থাকা টাকাও ছিনিয়ে নেয় তারা।
শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে রাত ১১টা নাগাদ বিশেষভাবে সক্ষম স্বামীকে সঙ্গে নিয়ে শামুকতলা থানায় হাজির হন ওই সাহসী গৃহবধূ। তিনি আকারে-ইঙ্গিতে পুলিশের কাছে গোটা ঘটনার বর্ণনা দেন। অভিযোগের গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত মামলা দায়ের করে এবং রাতেই অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাকি দুজন গা-ঢাকা দেওয়ায় তাদের এখনও জালে তোলা সম্ভব হয়নি।
শামুকতলা থানার ওসি অসীম মজুমদার জানিয়েছেন, “গৃহবধূর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” এই পাশবিক ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!