নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ ‘দুয়ারে নজরদারি’: মাধ্যমিক শেষে ঝাড়গ্রামের গ্রামগুলিতে সচেতনতা অভিযান
বেলপাহাড়ি: মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগ নিল। মূলত জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা রুখতে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পুলিশ বাহিনী। থানার ওসি শুভেন্দু রানার নেতৃত্বে পুলিশ কর্মীরা পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে তাঁদের উচ্চশিক্ষায় উৎসাহিত করছেন। একইসঙ্গে অভিভাবকদের কড়া বার্তা দিচ্ছেন—১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেওয়া আইনত অপরাধ।
বাঁশপাহাড়ি ও ভুলাভেদা হাইস্কুলের সহযোগিতায় শুরু হওয়া এই অভিযানে নজর রাখা হচ্ছে ছাত্রীরা আগামীতে উচ্চমাধ্যমিকে ভর্তি হচ্ছে কি না সেদিকেও। বেলপাহাড়ি মহকুমা পুলিশের পক্ষ থেকে শ্রেয়া সরকার জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পালিয়ে বিয়ে এবং কম বয়সে মাতৃত্বের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এই সামাজিক ব্যাধি দূর করতেই সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষা মহল ও সাধারণ মানুষ।