নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

বিনোদন ডেস্ক: ওটিটি হোক বা বড় পর্দা, তাঁর উপস্থিতি মানেই বাড়তি পাওনা। কিন্তু সেই জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থাতেই অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার ঘোষণা করলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। টানা কাজ করার ফলে তৈরি হওয়া শারীরিক ও মানসিক ক্লান্তি এবং কাজের প্রতি একঘেয়েমি কাটাতে এই ‘ব্রেক’ নেওয়া জরুরি ছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ জানান, করোনাকালের পর থেকে তিনি কার্যত যন্ত্রের মতো কাজ করছিলেন। একের পর এক প্রজেক্টে যুক্ত হওয়ার ফলে অভিনয়ের প্রতি যে সৃজনশীল আনন্দ, তা হারিয়ে ফেলছিলেন তিনি। পঙ্কজের কথায়, “আমি এমন প্রজেক্ট করতে চাই না যা শুধু ইএমআই বা আর্থিক দায় মেটানোর জন্য করতে হয়। এখন আমি এমন জায়গায় আছি যেখানে শিল্পীসত্তার সন্তুষ্টিই প্রথম পছন্দ।” গত বছর ‘মেট্রো ইন দিনো’ এবং ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মতো হাতেগোনা কাজ করলেও দীর্ঘ শুটিং শিডিউল তাঁকে ক্লান্ত করে দিয়েছিল।
অভিনেতা আরও জানান, নিজের অভিনয়ের দক্ষতাকে সঠিক জায়গায় ব্যবহারের জন্য মানসিক স্থৈর্য প্রয়োজন। সেই কারণেই ব্যস্ত জীবন থেকে দূরে সরে নিজেকে সময় দিতে চান তিনি। তবে কবে আবার পর্দায় ফিরবেন, সে বিষয়ে খোলসা না করলেও পঙ্কজ স্পষ্ট করেছেন যে, এখন থেকে শুধুমাত্র মনের টানেই তিনি প্রজেক্ট বেছে নেবেন। প্রিয় অভিনেতার এই সিদ্ধান্তে ভক্তরা কিছুটা মুষড়ে পড়লেও, তাঁর শিল্পীসত্তার প্রতি এই সততাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।