নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ মার্চ ২০২৬ :

নয়াদিল্লি, ১০ মার্চ ২০২৬: ভারতের অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব জানান যে, দেশের ৮০৪টি নিবন্ধিত অঙ্গ প্রতিস্থাপন হাসপাতালের মধ্যে ২১৭টি হাসপাতাল ২০২৫ সালে জাতীয় রেজিস্ট্রি পোর্টালে কোনো তথ্য জমা দেয়নি।
‘মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন’ (THOTA), ১৯৯৪-এর নিয়ম অনুযায়ী, এই হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ‘ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন’ (NOTTO)-এর পোর্টালটি সচল রয়েছে, যেখানে প্রতিটি প্রতিস্থাপনের তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক।
২০২৬ সালের ৩ মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ৮৯,৮৩৯ জন রোগী বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষমান তালিকায় রয়েছেন। অন্যদিকে, ২০২৫ সালে সারা দেশে মোট ২০,০১৯টি অঙ্গ প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশাল চাহিদাও জোগানের ব্যবধান ঘোচাতে কেন্দ্র সরকার ‘ন্যাশনাল অর্গান ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম’ (NOTP) বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের অধীনে দেশের উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে আঞ্চলিক (ROTTO) এবং রাজ্যভিত্তিক (SOTTO) সংস্থা গড়ে তোলা হয়েছে। মূলত পরিকাঠামো উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অঙ্গ দানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই সরকারের লক্ষ্য। মন্ত্রী আরও জানান যে, তথ্য প্রদানে ব্যর্থ হাসপাতালগুলোর গাফিলতি অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়ার সঠিক তদারকিতে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।