নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

গোপনে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে বেজিং: সিচুয়ানে চিনের রহস্যময় পরিকাঠামো ঘিরে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক: অরুণাচল সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে চিনের সিচুয়ান প্রদেশে গোপনে পরমাণু অস্ত্রভাণ্ডারের সম্প্রসারণ ঘটাচ্ছে বেজিং। সম্প্রতি নিউইয়র্ক টাইম্সের প্রকাশিত কিছু উপগ্রহচিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দাবি করেছেন, জিটং এবং পিংটন উপত্যকায় গত কয়েক বছরে শক্তিশালী পরমাণুকেন্দ্র গড়ে তোলা হয়েছে। ২০১৯ সাল থেকেই এই পরিকাঠামো বৃদ্ধির কাজ শুরু করেছে চিন।
বিশ্লেষক রেনি বাবিয়ার্জের দাবি, পিংটন উপত্যকার একটি বিশাল ভবনের মাথায় ৩৬০ ফুটের চিমনি এবং উন্নত তাপ নিরোধক ব্যবস্থা নজরে এসেছে, যা সাধারণত প্লুটোনিয়াম সমৃদ্ধ পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রে থাকে। ওই এলাকায় বাঙ্কারগুলির ছবি দেখে ধারণা করা হচ্ছে যে, সেখানে নিয়মিত বিস্ফোরক পরীক্ষাও চালানো হচ্ছে। ২০২৪ সালের শেষ নাগাদ চিনের কাছে ৬০০-র বেশি পরমাণু অস্ত্র থাকলেও, ২০৩০ সালের মধ্যে সেই সংখ্যা ১০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বেজিং। আমেরিকা ও রাশিয়ার তুলনায় সংখ্যাটি কম হলেও ভারতের প্রতিবেশী চিনের এই গোপন তৎপরতা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।