বিরল অস্ত্রোপচারে সাফল্য: কিশোরীর শ্বাসনালী থেকে কুলের বীজ বের করে নজির গড়ল এনআরএস | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

বিরল অস্ত্রোপচারে সাফল্য: কিশোরীর শ্বাসনালী থেকে কুলের বীজ বের করে নজির গড়ল এনআরএস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার সরকারি চিকিৎসা পরিষেবায় মুকুটে ফের এক নতুন পালক। অত্যন্ত জটিল ও বিরল এক অস্ত্রোপচারের মাধ্যমে ১৩ বছর বয়সি এক কিশোরীর শ্বাসনালীতে আটকে থাকা বড় আকারের কুলের বীজ বের করে প্রাণ বাঁচালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনআরএস) চিকিৎসকরা। পালমোনারি মেডিসিন বিভাগের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিশোরীর পরিবার।
হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের বাসিন্দা ওই কিশোরী গত পাঁচ-ছয় দিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে অক্সিজেন সাপোর্টে থাকা অবস্থায় এনআরএস-এর আউটডোরে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে খেলার ছলে অসাবধানতাবশত একটি বড় কুলের বীজ গিলে ফেলেছিল সে। কিন্তু সেটি খাদ্যনালীতে না গিয়ে সোজা শ্বাসনালীতে ঢুকে যায়।
এনআরএস-এর চিকিৎসকরা দেরি না করে দ্রুত কিশোরীর বুকের সিটি স্ক্যান (থোরাক্স) করান। রিপোর্টে দেখা যায়, ডান দিকের প্রধান ব্রঙ্কাসের মুখে বীজটি এমনভাবে আটকে রয়েছে যে ওই ফুসফুসে বাতাস চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত ফাইবার-অপটিক ব্রঙ্কোস্কোপি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে শ্বাসনালীর গভীর থেকে সেই বীজটি বের করে আনা হয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসকদের মতে, বীজের মতো জৈব বস্তু শ্বাসনালীতে আটকে গেলে তা ভিজে গিয়ে ফুলে ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সময়মতো বীজটি বের করা না গেলে ফুসফুসে মারাত্মক সংক্রমণ বা স্থায়ী ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বর্তমানে কিশোরীটি সুস্থ রয়েছে। সরকারি হাসপাতালের এই নিখরচায় উন্নতমানের পরিষেবা এবং চিকিৎসকদের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!