উত্তরবঙ্গে হাতির তাণ্ডব: দেড় বছরের শিশুকন্যাসহ ২৪ ঘণ্টায় মৃত ৪, আতঙ্ক চরমে
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর ২০২৫ :-
উত্তরবঙ্গ জুড়ে ফের বুনো হাতির হানায় চরম আতঙ্ক ছড়িয়েছে। মাদারিহাটে মাত্র ছয় ঘণ্টার মধ্যে দেড় বছরের শিশুকন্যাসহ তিনজনের মৃত্যুর পর, ২৪ ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা পৌঁছয় চারে।
বুধবার সন্ধ্যায় মাধুধুরার মধ্য ছেকামারিতে বাজার করে বাড়ি ফেরার পথে আব্দুল কাদিরকে পিষে মারে একটি হাতি। গভীর রাতে খড়িয়াপাড়ায় কালীপুজোর অনুষ্ঠান থেকে ফেরা সোনাই মুন্ডা ও তাঁর দেড় বছরের মেয়ে লক্ষ্মীকেও পিষে মারে একই হাতি। স্বামী সীতারাম মুন্ডা চোখের সামনে স্ত্রী-কন্যার মৃত্যু দেখেও কিছু করতে পারেননি।
এই তিনটি ঘটনার তদন্তে জলদাপাড়া বনবিভাগ নিশ্চিত করে যে একটিমাত্র হাতিই এই হামলার জন্য দায়ী। ডিএফও পরভিন কাসোয়ান জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
কিন্তু এখানেই শেষ নয়। শুক্রবার সকালে নাগরাকাটার নিউখুনিয়া বস্তিতে শম্ভু মঙ্গর (৫০)-কে শুঁড় দিয়ে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শনিবার সকালেও ময়নাগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডে একটি হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়। হাতিটিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সেটি ব্যাংককান্দি থেকে নদী পেরিয়ে উত্তর খাগড়াবাড়িতে ঢোকে। সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় জখম হন স্থানীয় সাংবাদিক বাণীব্রত চক্রবর্তী, তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।
ক্রমাগত হাতির হানায় জলপাইগুড়ি-মাদারিহাট অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বনকর্মীরা হাতিটিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন।