জাল নোট রুখতে বড় সিদ্ধান্ত: ১০০ ও ৫০০ টাকার নোটে বিশেষ বদল আনল আরবিআই | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ :

জাল নোট রুখতে বড় সিদ্ধান্ত: ১০০ ও ৫০০ টাকার নোটে বিশেষ বদল আনল আরবিআই

দেশের বাজারে জাল নোটের কারবার রুখতে এবং সাধারণ মানুষের ব্যবহৃত কারেন্সি নোটের স্থায়িত্ব বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। মহাত্মা গান্ধী সিরিজের অন্তর্ভুক্ত ১০০ ও ৫০০ টাকার নোটে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। মূলত ছাপানোর পদ্ধতিতে আধুনিকীকরণ এবং নোটের নিরাপত্তাকে আরও নিশ্ছিদ্র করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরবিআই সূত্রে খবর, নতুন প্রযুক্তিতে তৈরি এই নোটগুলিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত উন্নতমানের ওয়াটারমার্ক। এছাড়াও মাইক্রো লেটারিং বা অতি ক্ষুদ্র অক্ষরে লেখাগুলো এখন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট এবং উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে। অনেক সময় দৈনন্দিন লেনদেনের চাপে নোট দ্রুত ছিঁড়ে যায় বা ঝাপসা হয়ে যায়, সেই সমস্যা মেটাতেই নোটের কাগজের গুণমান এবং স্থায়িত্ব বৃদ্ধি করা হয়েছে। এর ফলে নোটগুলি আগের থেকে অনেক বেশি টেকসই হবে।
তবে নতুন নোট বাজারে আসার খবর ছড়িয়ে পড়তেই পুরনো নোটের বৈধতা নিয়ে সাধারণ মানুষের মনে আশঙ্কার দানা বেঁধেছিল। সেই দুশ্চিন্তা দূর করতে আরবিআই স্পষ্ট জানিয়েছে, পুরনো সিরিজের ১০০ ও ৫০০ টাকার নোটের বৈধতা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। পুরনো নোটগুলিও সমানভাবে বাজারচলতি থাকবে এবং এটিএম ও ব্যাঙ্কেও তা আগের মতোই পাওয়া যাবে। দেশের সমস্ত ব্যাঙ্ককে ইতিমধ্যেই এই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন পাঠানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে বা ব্যাঙ্কিং পরিষেবা পেতে কোনো ধরণের সমস্যায় পড়তে হবে না। জালিয়াতি রুখতে এবং স্বচ্ছ অর্থনীতি গড়ে তুলতে রিজার্ভ ব্যাঙ্কের এই আধুনিকীকরণ এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!