নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ :

ভোটের মুখে হাসি চওড়া খুদেদের: মিড ডে মিলের বরাদ্দে বড় বৃদ্ধি, পাতে মিলবে আস্ত ডিম ও ফল
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যের মিড ডে মিলের বরাদ্দে বড়সড় বদল এল। আকাশছোঁয়া বাজারদরের জেরে এতদিন খুদে পড়ুয়াদের পাতে একটা গোটা ডিম দিতে যেখানে হিমশিম খেতে হতো স্কুল কর্তৃপক্ষকে, সেখানে এবার নতুন বরাদ্দে সপ্তাহে প্রায় প্রতিদিনই পুষ্টিকর খাবারের আশ্বাস মিলছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, মিড ডে মিল খাতে অতিরিক্ত ৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এতদিন প্রাথমিকে পড়ুপিছু বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। এই সামান্য টাকায় সবজি, ডাল, মশলা ও জ্বালানির খরচ সামাল দিয়ে পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ফলে অনেক স্কুলেই ডিমের বদলে জুটত আধখানা ডিম। তবে নতুন নির্দেশিকায় মাসে অতিরিক্ত ১২ দিন ডিম অথবা মরসুমি ফল দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বর্তমান বাজারদরে ফল দেওয়া নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন শিক্ষকেরা, তবে তাঁরা আশাবাদী যে অন্তত ডিম দেওয়ার সমস্যা মিটবে। এই প্রাপ্তিযোগে খুশি অভিভাবক থেকে শিক্ষক মহল। রসিকতা করে অনেকেই বলছেন, “ভোটের জন্য যদি এমন সুদিন আসে, তবে ভোট যেন বছর বছর আসে।”