অপরাধের ধরন চিনতে নয়া পোর্টাল: তদন্তে গতি আনতে স্বরাষ্ট্র মন্ত্রকের মাস্টারপ্ল্যান | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

বর্তমানে আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে সাইবার ক্রাইম—অপরাধের প্রতিটি ক্ষেত্রে অপরাধীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। প্রায়শই দেখা যায়, অপরাধীরা একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ‘মোডাস অপারেন্ডি’ অনুসরণ করে। সেই ধারাকে চিহ্নিত করে অপরাধীদের দ্রুত জালে তুলতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তদন্তকারীদের সুবিধার্থে একটি ডেডিকেটেড ডিজিটাল পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে দেশের সমস্ত রাজ্যের অপরাধ সংক্রান্ত তথ্য এবং অপরাধীদের কর্মপদ্ধতির বিশদ বিবরণ থাকবে। এক ক্লিকেই তদন্তকারীরা জানতে পারবেন, অতীতে এই একই কায়দায় কোথাও কোনো অপরাধ ঘটেছে কি না। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের অপব্যবহার করে বর্তমানে অপরাধীরা আইইডি তৈরির মতো জটিল কৌশল শিখে নিচ্ছে, যা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই নতুন ব্যবস্থার সঙ্গে দেশের সমস্ত রাজ্যের পুলিশকে যুক্ত করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশে সব রাজ্যকে দ্রুত তাদের তথ্য এই পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, এই কেন্দ্রীয় তথ্যভাণ্ডার চালু হলে তদন্তের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি রহস্যের কিনারা করা অনেক সহজ হবে। আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!