নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আবহেই এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দুই দেশের যৌথ বিবৃতির পরেই আমেরিকার পক্ষ থেকে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে সমগ্র জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। সবথেকে নজরকাড়া বিষয় হলো, এই মানচিত্রে পাকিস্তানের অবৈধভাবে দখল করা অংশ বা পাক-অধিকৃত কাশ্মীরকেও (PoK) ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই চিহ্নিত করেছে ওয়াশিংটন।
নয়াদিল্লি বরাবরই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট করে এসেছে যে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। আমেরিকার এই সাম্প্রতিক মানচিত্র সেই অবস্থানেই কার্যত সিলমোহর দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির সাম্প্রতিককালে আমেরিকার সাথে সখ্যতা বাড়ানোর যে চেষ্টা চালিয়েছিলেন, ট্রাম্পের এই পদক্ষেপের পর তাতে বড়সড় ধাক্কা লাগল। এই মানচিত্র প্রকাশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হলো।