নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ জুন ২০২৫ :-
দ্রুত গতিতে ধেয়ে আসছে গোল্ডেন টেম্পল এক্সপ্রেস ট্রেন । আর রেল লাইনের মাঝে দাঁড়িয়ে একজন পিতা । দু হাত ধরে শক্ত করে ধরে রেখেছেন চার শিশুপুত্রকে । যার মধ্যে সবচেয়ে ছোট তিন বছরের সন্তান এবং বড় ছেলেটির বয়স নয় বছর ।
ট্রেন আসছে দেখে বাবার হাত ছেড়ে পালানোর চেষ্টা করেছিল হতভাগ্য চার শিশু । কিন্তু পারেনি । মুহূর্তের মধ্যেই সব শেষ । মঙ্গলবার দুপুরে ফরিদাবাদের বল্লভগড়ে এই মর্মান্তিক ঘটনা স্তব্ধ
করে দিয়েছে প্রত্যেককে ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পেশায় দিন মজুর, মনোজ মেহেতা (৩৬) নামের ওই ব্যক্তি স্থানীয় সুভাষ কলোনির বাসিন্দা, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ তাঁর চার শিশুপুত্রকে নিয়ে, স্ত্রী প্রিয়াকে পার্কে যাচ্ছি বলে, বাড়ি থেকে বের হয় । কিন্তু পার্কে না গিয়ে বল্লভগড় স্টেশন সংলগ্ন রেলওয়ে ট্র্যাকের পাশে সন্তানদের নিয়ে ট্রেন আসার অপেক্ষা করে । প্রায় এক ঘন্টা
অপেক্ষা করবার সময় সন্তানদের জন্য চিপস ও কোল্ড ড্রিংকসও কিনে আনে আদতে বিহারের বাসিন্দা মনোজ । এবং পরিশেষে চলন্ত ট্রেনের সামনে চার শিশুপুত্রকে নিয়ে দাঁড়িয়ে পড়ে।
এই হৃদয় বিদারক ঘটনা হতবাক করে দিয়েছে সকলকেই । কী কারণে ঠান্ডা মাথায় একজন পিতা তাঁর সন্তানদের সঙ্গে করে নিজেদের জীবন এভাবে শেষ করে দিতে পারে , তার উত্তর কারো জানা নেই ।
তবে ওই ব্যক্তির আধার কার্ড থেকে পরিচয় সনাক্ত করে তাঁর স্ত্রীকে খবর দেয় রেলপুলিশ এবং মৃতের পকেটে উদ্ধার হয় একটি চিরকুট, যাতে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে মনোজ এই ভয়ানক প্ল্যানের কথা আগে থেকেই লিখে গেছে বলে জানিয়েছে পুলিশ ।
— ব্যুরো রিপোর্ট দ্য ফোর্থ কলাম