এবার মমতা সরকারের নয়া চমক দুয়ারে হাসপাতাল !
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ আগষ্ট ২০২৫ :-
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবার মানুষের দোরগোড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হচ্ছে ২১০টি ভ্রাম্যমাণ মিনি হাইটেক হাসপাতাল, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। ‘দুয়ারে হাসপাতাল’ নামের এই প্রকল্পে অত্যাধুনিক গাড়িগুলিতে থাকবে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী।
এই মোবাইল হাসপাতালগুলিতে মিলবে অনলাইন প্রেসক্রিপশন, ইসিজি, রক্ত সংগ্রহ ও পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। কিছু বিশেষ গাড়িতে এক্স-রে এবং ইউএসজি-র সুবিধাও থাকবে।
জানা গিয়েছে, স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনে তৈরি এই ফাইভ-জি সুবিধাযুক্ত ‘মোবাইল মেডিক্যাল ইউনিট’-গুলো সরাসরি ব্লক হাসপাতালের সঙ্গে যুক্ত থাকবে।
এর ফলে জঙ্গলমহল ও চা-বাগানের মতো পিছিয়ে পড়া এলাকার মানুষেরা খুব সহজেই উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবেন।
ওয়াকিবহাল মহলের মতে, এই উদ্যোগ শুধু স্বাস্থ্য পরিষেবার মানই বাড়াবে না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে এই ইউনিটগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্যভবনের হাতে। এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে বলে আশাবাদী স্বাস্থ্য মহল ।