কাছেই লুকিয়ে মা লেপার্ড : শাবকরা চা বাগানে | The 4th Column

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৪ মার্চ ‘২০২৫ :-

আলিপুরদুয়ারের কালচিনির ভাটপাড়া চা বাগানের ২৩ নম্বর সেকশনে পরিত্যক্ত অবস্থায় তিনটি লেপার্ড শাবক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে চা শ্রমিকরা কাজ করতে গিয়ে শাবকগুলিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে চা বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে চা পাতা তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকাটি ঘিরে ফেলেন। বনকর্মীদের অনুমান, শ্রমিকদের উপস্থিতি টের পেয়ে মা লেপার্ডটি শাবকগুলিকে ফেলে রেখে আশেপাশের চা গাছের ঝোপে লুকিয়ে থাকতে পারে।
দুপুর গড়াতেই মা লেপার্ড দুটি শাবককে নিয়ে যায়। বনকর্মীরা আশা করছেন, তৃতীয় শাবকটিকেও সন্ধ্যার মধ্যেই মা লেপার্ড ফিরিয়ে নিয়ে যাবে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে কড়া নজরদারি চালাচ্ছে বন দফতর।
ভাটপাড়া চা বাগানের বাগান বাবু নবীন লামা জানান, বন দফতরের নির্দেশ পাওয়ার পরই শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবে ২৩ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ বন্ধ রাখা হয়েছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে জানান, তিনটি শাবকের মধ্যে দুটিকে মা লেপার্ড ফিরিয়ে নিয়ে গেছে। তৃতীয় শাবকটিকেও নিয়ে যাবে বলে তারা আশাবাদী। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বনকর্মীরা ঘটনাস্থলে সতর্ক রয়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!