ডুয়ার্সের কিলকোট চা বাগানে লেপার্ড আতঙ্ক, খাঁচাবন্দী লেপার্ড
নিউজডেস্ক, ডুয়ার্স(Dooars), ২৫ মার্চ’ ২০২৫ :

ডুয়ার্সের কিলকোট চা বাগানের ১১ নম্বর সেকশনে গত কয়েকদিন ধরে একটি লেপার্ডের আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতিদিনই সন্ধ্যায় লেপার্ডটি গ্রামে ঢুকে হাঁস-মুরগি, ছাগল তুলে নিয়ে যাচ্ছিল। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত বাসিন্দারা বন দপ্তরের কাছে খাঁচা বসানোর আবেদন জানান।
স্থানীয় বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে দুইদিন আগে বন বিভাগ একটি খাঁচা বসায়। খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছিল একটি ছাগল। অবশেষে মঙ্গলবার সকালে সেই খাঁচায় ধরা পড়ে লেপার্ডটি। খবর পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং লেপার্ডটিকে উদ্ধার করেন। পরে লেপার্ডটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বন দপ্তর সূত্রে খবর, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে, বন দপ্তরের কর্মীদের মতে, ডুয়ার্সের জঙ্গল এলাকায় লেপার্ডের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা বাড়ছে। তাদের মতে, জঙ্গল কেটে বসতি স্থাপন এবং খাদ্যের অভাবের কারণে লেপার্ড লোকালয়ে হানা দিচ্ছে।