নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

বিধানসভা ভিত্তিক ক্যাম্পে এবার লক্ষ্মীর ভাণ্ডারও: ১৫০০ টাকার ‘যুবসাথী’র আবেদন নিতে দুয়ারে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামীকাল, রবিবার থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে বিশেষ শিবির। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (সরকারি ছুটি ব্যতীত) এই ক্যাম্পগুলি চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো, এই শিবির থেকেই বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন নেওয়া হবে। তবে সবথেকে বড় খবর হলো, এই ক্যাম্পগুলোতে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও জমা দেওয়া যাবে।
রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। নতুন করে আরও ২০.৬২ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ‘যুবসাথী’ প্রকল্পের জন্য ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ হলেই মাসে ১৫০০ টাকা করে সর্বাধিক পাঁচ বছর এই সহায়তা মিলবে। এছাড়াও খেতমজুরদের বার্ষিক ৪ হাজার টাকা সহায়তা এবং কৃষকদের সেচের জলকর মকুবের আবেদনও এই শিবিরগুলিতে গ্রহণ করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: যুবসাথী ও অন্যান্য প্রকল্পের আবেদনের জন্য আধার কার্ড, জাতিগত শংসাপত্র (থাকলে), ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখতে হবে।