সাড়ে তিন হাজার কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন ও ৩৬ পরিবারে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ মার্চ ২০২৬ :

সাড়ে তিন হাজার কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ে উদ্বোধন ও ৩৬ পরিবারে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

নিউজ প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক, কলকাতা:
দোল উৎসবের প্রাক্কালে রাজ্যবাসীর জন্য বড় উপহার নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ‘কল্যাণী এক্সপ্রেসওয়ে’-র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে তিনি জানান, এই এক্সপ্রেসওয়ে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দেবে।
দূরত্ব কমবে, সময় বাঁচবে:
৪০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি ৪ থেকে ৬ লেনের এবং সম্পূর্ণ সিগন্যাল-ফ্রি। ২১টি ফ্লাইওভার বিশিষ্ট এই রাস্তাটি নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে শুরু হয়ে গঙ্গার ওপর নির্মীয়মাণ ঈশ্বর গুপ্ত সেতু এবং ১২ নম্বর জাতীয় সড়কের বড় জাগুলি পর্যন্ত বিস্তৃত। এর ফলে কলকাতা থেকে কল্যাণী পৌঁছাতে আগের তুলনায় অর্ধেক সময় লাগবে, যা নিত্যযাত্রীদের দীর্ঘদিনের যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দেবে। পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে।
মানবিক মুখ্যমন্ত্রী:
উন্নয়নের পাশাপাশি এদিন ধরা পড়ল মুখ্যমন্ত্রীর মানবিক রূপও। ‘এসআইআর’ আতঙ্কে প্রাণ হারানো ৩৬ জন রাজ্যবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। ওই পরিবারগুলোর সদস্যদের হাতে এদিন সরাসরি হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। চাকরি পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মৃতদের পরিজনেরা।
সবশেষে উপস্থিত সকলকে দোলের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের দাবি, এই এক্সপ্রেসওয়ে কেবল যাতায়াত নয়, বরং ওই অঞ্চলের শিল্প ও কর্মসংস্থানেও জোয়ার আনবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!